নিউজ ডেস্ক || আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচদিন ত্রিপুরার সবকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এজন্য রাজ্যজুড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উচ্চতায় মধ্য অসম ও তার আশপাশের এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন অংশে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে। কিছু এলাকায় দমকা হাওয়া (গাস্টি উইন্ড) বয়ে যাওয়ারও পূর্বাভাস রয়েছে।
বিশেষ করে আগামীকাল (১৫ মার্চ) পশ্চিম ত্রিপুরা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি। ১৬ মার্চ উত্তর ত্রিপুরা, ধলাই এবং ঊনকোটি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা প্রবল।
আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, আগামী পাঁচদিন রাজ্যের সর্বত্র হলুদ সতর্কতা বহাল থাকবে। এছাড়া রাজ্যের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুতের ঘটনা ঘটতে পারে।
জনসাধারণকে পরামর্শ দেওয়া হয়েছে যে, বজ্রপাত এড়াতে খোলা জায়গায় না দাঁড়ানো, দমকা হাওয়ার সময় সতর্ক থাকা এবং প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা। কৃষক ও বাইরের কাজে নিয়োজিত ব্যক্তিরা বিশেষ সতর্কতা অবলম্বন করুন।
আবহাওয়া পরিস্থিতির উপর নজর রাখতে আবহাওয়া দফতরের অফিসিয়াল ওয়েবসাইট বা স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ জানানো হয়েছে।


