নিউজ ডেস্ক || আসন্ন এডিসি নির্বাচন ও ধর্মনগর উপনির্বাচনকে সামনে রেখে বামফ্রন্টের রাজ্য কমিটির বৈঠক শেষে তীব্র আক্রমণাত্মক বিবৃতি দিলেন সিপিআই(এম)-এর পলিটব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, “এডিসি এলাকায় উন্নয়নের নামে চলছে লুটপাট। মুখ্যমন্ত্রী নিজেই অনিয়মের কথা স্বীকার করছেন। গত পাঁচ বছরে তিপরা মথা খুমুলুঙকে শ্মশানে পরিণত করেছে।”
জিতেন্দ্র চৌধুরী জানান, বামফ্রন্ট অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা ও তারুণ্যকে গুরুত্ব দিয়ে প্রার্থী বাছাই করেছে। তিনি আশাবাদী যে নির্দিষ্ট সময়েই নির্বাচন হবে। ধর্মনগরে গণতান্ত্রিক কর্মীদের উপর হামলার অভিযোগ তুলে তিনি বলেন, বিপুল অর্থ বা কালো টাকা না থাকলেও মানুষের সমর্থনের উপর ভরসা রয়েছে। শাসক দলের ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে আসা অর্থ দিয়ে ভোটারদের প্রলোভন দেখানোর চেষ্টা হতে পারে বলে সতর্ক করেন তিনি। জনগণকে প্রলোভনে না পড়ার আবেদন জানিয়ে তিনি বামফ্রন্ট সমর্থিত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার ডাক দেন।
বামফ্রন্ট আহ্বায়ক মানিক দে অভিযোগ করেন, এডিসিতে অতীতে অন্য দল ক্ষমতায় এসেছে জনভোটে নয়, সন্ত্রাসবাদীদের হাতে টাকা তুলে দিয়ে। বর্তমানে দুর্নীতি, পেনশনের বকেয়া, শিক্ষার অবনতি, পানীয় জলের সংকট, অনাহার ও শিশু বিক্রির মতো ঘটনা ঘটছে। বামফ্রন্টের আমলে ছিল উন্নয়ন ও সম্প্রীতি। এবার জোর লড়াই করবে বামফ্রন্ট। সুষ্ঠু-অবাধ ভোটের দাবি জানান তিনি।


