নিউজ ডেস্ক || মহাত্মা গান্ধীর তিরোধান দিবস উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে এমজিএনরেগা বাতিলের বিরুদ্ধে চার ঘণ্টাব্যাপী গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। একই সঙ্গে প্রদেশ কংগ্রেস ভবনে গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন নেতৃবৃন্দ।
পরে কর্মীরা গান্ধীঘাটের শহীদ বেদীতে গিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ‘মনরেগা বাঁচাও’ কর্মসূচির অংশ হিসেবে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে গণ অবস্থান চলে।
প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, বাপুর সত্য ও অহিংসার আদর্শ আজও ন্যায়বিচার, শান্তি ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় অনুপ্রাণিত করে। কিন্তু বিজেপি সরকার মহাত্মা গান্ধীর আদর্শকে অপমান করছে। এমজিএনরেগা বাতিল করে ভি বি-জি রাম জি প্রকল্প চালু করা হয়েছে, যা গরিব ও দুঃস্থ মানুষের স্বার্থবিরোধী।
তিনি জানান, এমজিএনরেগা গ্রামীণ দরিদ্র শ্রমিকদের জীবনরক্ষার প্রকল্প ছিল। এটি বাতিল হলে তারা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন। অবিলম্বে এমজিএনরেগা জারি রাখা ও নতুন প্রকল্পের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তিনি।


