নিউজ ডেস্ক || দীর্ঘদিনের টানাপোড়েনের পর বরফ গলতে শুরু করেছে তিপরা মথা ও বিজেপির মধ্যকার সম্পর্ক। আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি বা এডিসি) নির্বাচনে দুই দল যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বলে জোরালো ইঙ্গিত মিলেছে।
তিপরা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা এই গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে দিল্লিতে তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উচ্চপর্যায়ের বৈঠক চলছে। এই বৈঠকেই আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য জোটের রূপরেখা চূড়ান্ত হতে পারে।
রঞ্জিত দেববর্মা আরও বলেন, রাজ্যের বৃহত্তর স্বার্থ এবং আদিবাসী জনগণের উন্নয়নের কথা মাথায় রেখে ইতিবাচক আলোচনা এগোচ্ছে। খুব শীঘ্রই এ বিষয়ে স্পষ্ট ঘোষণা আসতে পারে।
রাজনৈতিক মহলে এখন সব নজর দিল্লির এই বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। যদি জোট বাস্তবায়িত হয়, তাহলে আসন্ন এডিসি নির্বাচনে তার প্রভাব ব্যাপক হবে বলে মনে করা হচ্ছে। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নতুন রাজনৈতিক সমীকরণের সম্ভাবনা উঁকি দিচ্ছে ত্রিপুরায়।


