কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর সিদ্ধান্তে নতুন সম্ভাবনা ধর্মীয় পর্যটনে
নিউজ ডেস্ক || দক্ষিণ ত্রিপুরার তিনটি প্রাচীন ও ঐতিহ্যবাহী কালী মন্দিরের পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেব।
জানা গেছে, বিলোনিয়ার যোগমায়া কালীবাড়ি, মুহুরীপুরের রাজ রাজেশ্বরী কালীবাড়ি এবং সাব্রুমের দৈত্যেশ্বরী কালীবাড়ির অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে সাংসদ বিপ্লব দেব কেন্দ্রীয় মন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন। সেই প্রস্তাবের ভিত্তিতেই উন্নয়ন প্রক্রিয়া শুরু হয়েছে।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে মন্দিরগুলির পরিকাঠামো আধুনিকীকরণের পাশাপাশি ধর্মীয় পর্যটনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মত বিশেষজ্ঞদের। সাংসদ বিপ্লব কুমার দেব আশা প্রকাশ করে বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বিত প্রচেষ্টায় ভবিষ্যতে ত্রিপুরার আরও অনেক ধর্মীয় ও ঐতিহাসিক স্থানের উন্নয়ন সম্ভব হবে।


