উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দ্বারে দীপক মজুমদারসহ নেতৃত্ব
নিউজ ডেস্ক ||৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক লড়াই ক্রমেই তীব্র আকার ধারণ করছে। ভোটের দিন যত এগিয়ে আসছে, শাসক দল বিজেপির প্রচার অভিযানও ততই জোরদার হচ্ছে।
সোমবার ধর্মনগর শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় দলীয় প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে ব্যাপক বাড়ি বাড়ি প্রচার চালানো হয়েছে। এই প্রচার অভিযানে নেতৃত্ব দেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, প্রাক্তন কৃষাণ মোর্চার নেতা বিশ্বজিৎ দেব সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব।
দিনভর বিভিন্ন এলাকায় ঘুরে নেতারা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং উন্নয়নমূলক কাজের বার্তা তুলে ধরেন।
এ প্রসঙ্গে দীপক মজুমদার বলেন, “প্রার্থী জহর চক্রবর্তী একজন সজ্জন ও ভদ্র মানুষ হিসেবে ধর্মনগরে সুপরিচিত। তিনি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। আমরা আশা করছি, সাধারণ মানুষ উন্নয়নের স্বার্থে তাঁকেই সমর্থন করবেন।”
উল্লেখ্য, আগামী ৯ এপ্রিল ধর্মনগর বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই সব দল নিজেদের অবস্থান শক্ত করতে মাঠে নেমে পড়েছে এবং রাজনৈতিক উত্তাপ দিন দিন বাড়ছে।


