নিউজ ডেস্ক || উত্তর ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে বিজেপির প্রার্থী জহর চক্রবর্তীর নেতৃত্বে নির্বাচনী প্রচার জোরকদমে শুরু হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত বাড়ি বাড়ি প্রচার, উঠানসভা ও জনসংযোগে সরগরম হয়ে উঠেছে গোটা এলাকা।
সদ্যপ্রয়াত বিধায়ক বিশ্ববন্ধু সেনের মৃত্যুর পর আসনটি শূন্য হয়ে যাওয়ায় আগামী ৯ এপ্রিল উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। মঙ্গলবার সকাল সাতটা নাগাদ জহর চক্রবর্তী দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে ধর্মনগর আলগাপুর রোড, বড়ুয়াকান্দি, হরিজন কলোনিসহ বিভিন্ন এলাকায় প্রচারে বের হন। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তিনি বিগত দিনের উন্নয়নের কথা তুলে ধরেন।
প্রচারের মাঝে জহর চক্রবর্তী বলেন, “বিশ্ববন্ধু সেন যে সব উন্নয়নমূলক কাজ অসমাপ্ত রেখে গিয়েছেন, সেগুলি সম্পূর্ণ করাই আমার প্রধান লক্ষ্য। শহর থেকে গ্রাম পর্যন্ত চলমান ও ভবিষ্যৎ প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়ন করা হবে।” তিনি আরও জানান, সময় সীমিত হওয়ায় দলীয় কর্মীরা নিরবচ্ছিন্নভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন।
বিরোধী দল কংগ্রেস ও সিপিআই(এম)-কে কটাক্ষ করে তিনি বলেন, “তারা সারা বছর নিষ্ক্রিয় থেকে শুধু নির্বাচনের আগে সক্রিয় হয়। সাধারণ মানুষের সঙ্গে তাদের স্থায়ী যোগাযোগ নেই।” বিজেপি সবসময় মানুষের পাশে থাকে বলেও দাবি করেন তিনি। আসন্ন নির্বাচনে বিপুল ভোটে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।
উপনির্বাচনের ফলাফল ত্রিপুরার রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। প্রার্থীদের প্রচার অভিযান এখনও চলছে এবং ভোটারদের মধ্যে আগ্রহ বাড়ছে।


