প্রস্তুতি প্রায় সম্পূর্ণ, অবাধ-সুষ্ঠু ভোটের আশ্বাস প্রশাসনের
নিউজ ডেস্ক || আসন্ন ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) তিন সদস্যের এক প্রতিনিধি দল আজ ধর্মনগর সফর করেছে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এন টি ভূটিয়া এবং সেক্রেটারি সন্তোষ কুমার দুবে।
উত্তর জেলার জেলা শাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা, দপ্তরগুলির মধ্যে সমন্বয়, লজিস্টিক প্রস্তুতি এবং নির্বাচন পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিশন অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছে।
জেলা শাসক চন্দনী চন্দ্রন জানান, নির্বাচনের সব প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। কমিশন যেকোনো দিন নির্বাচনের তারিখ ঘোষণা করলেই জেলা প্রশাসন পুরোপুরি প্রস্তুত।
বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ সুপার অবিনাশ রায়, অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মা, রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরী, ধর্মনগর, পানিসাগর ও কাঞ্চনপুর মহকুমার এসডিএমসহ অন্যান্য নির্বাচন সংক্রান্ত আধিকারিকরা।
বৈঠক শেষে প্রতিনিধি দল প্রশাসনকে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং সব প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন করার ওপর বিশেষ জোর দেয়।


