নিউজ ডেস্ক || নাগাল্যান্ডে নিখোঁজ ত্রিপুরার বাসিন্দা প্রণব দাসকে দ্রুত খুঁজে উদ্ধার করে রাজ্যে ফিরিয়ে আনার দাবিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও পুলিশের মহা নির্দেশকের কাছে লিখিত আবেদন জানিয়েছে আমরা বাঙালি দল।
গত ১ জানুয়ারি নাগাল্যান্ডে যান মলয়নগরের বাসিন্দা তরুণ কন্টেন্ট ক্রিয়েটর প্রণব দাস। ৬ জানুয়ারির মধ্যে ফেরার কথা থাকলেও তারপর থেকে তাঁর কোনও খোঁজ মেলেনি। এক মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও নিখোঁজ যুবকের সন্ধান না পাওয়ায় পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।
পরিবারের সদস্যরা স্থানীয় পুলিশ, প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিলেও কার্যকর সহায়তা মেলেনি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে আমরা বাঙালি দল বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে নিখোঁজ যুবকের সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানিয়েছে।


