নিউজ ডেস্ক || ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বর্গবাসী মাকে নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং আরজেডি নেতাদের কুরুচিকর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি অবিলম্বে এই ঘটনার জন্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী বলেন, ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারত অভূতপূর্ব উন্নতির পথে এগিয়েছে। একজন গরিব পরিবারের সন্তান হয়ে তিনি দেশকে বিশ্বমঞ্চে এক শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু বিরোধী দলগুলো তার এই সাফল্য সহ্য করতে পারছে না। বিভিন্ন সময়ে তারা প্রধানমন্ত্রীকে নানাভাবে আক্রমণ করেছে। তবে এবার প্রধানমন্ত্রীর প্রয়াত মাকে নিয়ে যে ধরনের অশালীন মন্তব্য করা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি জোর দিয়ে বলেন, বিহারের জনগণ এই ঘটনাকে কখনোই মেনে নেবে না।
মুখ্যমন্ত্রী আরও বলেন, দলীয় নেতারা যেভাবে আচরণ করেন, কর্মীরাও সেই পথ অনুসরণ করে। রাহুল গান্ধীর মতো একজন দলনেতা যদি এমন নীচ মন্তব্য করেন, তবে তার দলের কর্মীরাও একই ধরনের অশালীন আচরণে অভ্যস্ত হয়ে পড়বেন। তিনি কংগ্রেস এবং আরজেডি’র কাছে এই ঘটনার জন্য অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানান।
উল্লেখ্য, সম্প্রতি বিহারের দারভাঙ্গায় কংগ্রেস ও আরজেডি’র একটি যৌথ রাজনৈতিক সমাবেশে প্রধানমন্ত্রী মোদি এবং তাঁর প্রয়াত মাকে নিয়ে অশোভন মন্তব্য করা হয়। এই ঘটনা জাতীয় রাজনীতিতে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।


