নিউজ ডেস্ক || ঊনকোটি জেলায় অনৈতিক কার্যকলাপের অভিযোগে বিজেপির যুব মোর্চা (BJYM)-এর জেলা সভাপতি অরূপ ধরকে সাময়িকভাবে বরখাস্ত করেছে দল। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রদেশ বিজেপির জেনারেল সেক্রেটারি অমিত রক্ষিতের স্বাক্ষরিত নোটিশে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পর প্রাথমিক পর্যালোচনায় অভিযুক্তের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মিলেছে, যা দলের জন্য ক্ষতিকর। তাই তাৎক্ষণিকভাবে তাকে সাসপেন্ড করা হয়েছে।
নির্দেশে বলা হয়েছে, লিখিত ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত এই সাসপেনশন বহাল থাকবে। অরূপ ধরকে আগামী ১৮ মার্চের মধ্যে আগরতলার প্রদেশ কার্যালয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা না দিলে দলীয় সংবিধান অনুযায়ী পরবর্তী কঠোর পদক্ষেপ নেওয়া হবে।


