নিউজ ডেস্ক || ভারতীয় যুব কংগ্রেসের জাতীয় সভাপতি উদয় ভানু চিবসহ অন্যান্য নেতাদের গ্রেপ্তারকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে অভিহিত করে প্রতিবাদে সরব হয়েছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। আজ প্রদেশ কংগ্রেস ভবনের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করে দলীয় নেতা-কর্মীরা।
গতকাল ভোরে দিল্লি পুলিশ উদয় ভানু চিবকে গ্রেপ্তার করে। সম্প্রতি এআই ইমপ্যাক্ট সামিট চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ ও স্লোগান দেওয়ার অভিযোগে এই গ্রেপ্তার হয়। প্রদেশ যুব কংগ্রেসের নেতা নীল কমল সাহা সাংবাদিকদের বলেন, “এটি অত্যন্ত নিন্দনীয়। বিজেপি সরকার ভুলে গেছে যে গণতন্ত্রে প্রতিবাদ করা কোনো অপরাধ নয়, বরং এটাই গণতন্ত্রের শক্তি। যুব কর্মীরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে যুবসমাজের সমস্যা ও প্রধানমন্ত্রীর নীতির সমালোচনা তুলে ধরছিলেন।”
নীল কমল সাহা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে জাতীয় সভাপতিকে বিনা শর্তে মুক্তি না দিলে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলন শুরু করবে যুব কংগ্রেস।
এই ঘটনা দেশজুড়ে যুব রাজনীতিতে বিরোধী কণ্ঠস্বর দমনের অভিযোগকে নতুন করে সামনে এনেছে। আগামী দিনে আন্দোলনের রূপ কী নেয়, তা দেখার অপেক্ষায় রাজ্যের রাজনৈতিক মহল।


