বিশালগড়, প্রতিনিধি || রাতের অন্ধকারে এক মহিলার উপর হামলা ও গাড়ি ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের আড়ালিয়া এলাকায়। অভিযুক্ত জুয়েল নামে এক ব্যক্তির বিরুদ্ধে মারধর করে মেহেন্দি বোঝাই গাড়ি, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
আক্রান্ত সোমা বেগম পুটিয়া যাওয়ার পথে আড়ালিয়ায় গাড়ির গতিরোধ করা হয়। লেনদেন সংক্রান্ত পূর্ব বিবাদের জেরে জুয়েল তাঁকে মারধর করে বলে দাবি। এরপর গাড়িসহ মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়া হয়।
ঘটনার পর সোমা বেগম সরাসরি বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তল্লাশি চালাচ্ছে। থানা সূত্রে জানা গেছে, জুয়েলের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।
এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে, বিশেষ করে রাতে মহিলাদের একা চলাচল নিয়ে। আক্রান্তের পরিবার দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ ঘটনার সব দিক খতিয়ে দেখছে।


