আগরতলা, ৯ জুন: মানুষের শেষ যাত্রাপথকে আরও মর্যাদাপূর্ণ ও মানবিক করে তুলতে ছিনাইহানি মহাশ্মশানে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন একটি সুন্দর যাত্রী নিবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক ডক্টর দিলীপ দাসসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র জানান, আগামী তিন মাসের মধ্যেই ছিনাইহানি মহাশ্মশানে বৈদ্যুতিক চুল্লির মাধ্যমে দাহকার্য সম্পন্ন করার ব্যবস্থা চালু করা হবে। ইতিমধ্যেই এই প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পাশাপাশি বটতলা মহাশ্মশানে আরও দুটি নতুন বৈদ্যুতিক চুল্লি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, শুধু শ্মশান নয়, সংখ্যালঘু সম্প্রদায়ের কবরস্থান এবং দেবনাথ সম্প্রদায়ের সমাধিস্থলগুলোর পরিকাঠামোগত উন্নয়নেও পুরনিগম ও রাজ্য সরকার যৌথভাবে কাজ করছে। শহর ও শহরতলির সমস্ত শ্মশানকে পর্যায়ক্রমে আধুনিক, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এদিকে, গৃহপালিত বা অন্যান্য পশুপাখির মৃত্যুর পর তাদের দেহ যেখানে-সেখানে ফেলে না দিয়ে হাপানিয়ায় নির্মিত বিশেষ পশু শ্মশানে নিয়ে গিয়ে দাহ করার জন্যও নাগরিকদের প্রতি আহ্বান জানান মেয়র।
মানুষের জীবনের শেষ অধ্যায়কেও সম্মান ও আধুনিক পরিষেবার আওতায় আনতে পুরনিগমের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


