শ্রমিকদের ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষার দাবিতে শ্রমদপ্তরে ডেপুটেশন, ৫ দফা দাবি পেশ

1 Min Read

আগরতলা, ৯ জুন: ভারতীয় জনতা মজদুর সংঘের ডাকে মঙ্গলবার বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা শ্রমদপ্তরের সামনে বিক্ষোভ ও সমাবেশে অংশ নেন। পরে শ্রমদপ্তরের কমিশনারের কাছে শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট ৫ দফা দাবি সংবলিত একটি ডেপুটেশন জমা দেওয়া হয়।

শ্রমিক প্রতিনিধিরা জানান, বর্তমান বাজারদরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির ফলে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জীবনযাপন ক্রমশ কঠিন হয়ে উঠছে। তাই রাবার শ্রমিক, কাঠ শ্রমিকসহ সমস্ত অসংগঠিত শ্রমিকদের দৈনিক হাজিরার মূল্য বৃদ্ধি করে সময়োপযোগী মজুরি নির্ধারণের দাবি জানানো হয়েছে।

ডেপুটেশনে আরও উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিভিন্ন রায়ের আলোকে যেসব শ্রমিক একনাগাড়ে ১০ বছর বা তার বেশি সময় ধরে অসংগঠিত ক্ষেত্রে কাজ করে চলেছেন, তাঁদের সরকারি খাতার অন্তর্ভুক্ত করে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।

শ্রমিক নেতাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করলেও বহু শ্রমিক এখনো ন্যায্য মজুরি, সামাজিক নিরাপত্তা এবং সরকারি সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকারের কাছে দ্রুত দাবিগুলি বাস্তবায়নের আহ্বান জানান তাঁরা।

অন্যদিকে, ডেপুটেশন গ্রহণের পর শ্রমদপ্তরের কমিশনার বিষয়গুলো গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে শ্রমিক প্রতিনিধিরা জানিয়েছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version