নিউজ ডেস্ক || রাজ্যের দুই বরিষ্ঠ সাংবাদিক শানিত দেবরায় ও প্রণব সরকারকে ঘিরে বিদ্বেষমূলক প্রচার এবং প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের মামলার তদন্তে অগ্রগতির অভাবে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঊনকোটি জেলা মিডিয়া ফোরাম।
জনচাপের মুখে পুলিশ শেষ পর্যন্ত এফআইআর গ্রহণ করলেও তদন্ত কার্যত স্থবির হয়ে রয়েছে। প্রাথমিকভাবে অভিযোগ নথিভুক্ত করতে চরম অনীহা দেখানো হয়। সাংবাদিক ও সাধারণ মানুষের চাপে এফআইআর রেকর্ড হলেও তার পরবর্তী কোনও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য তলব বা গ্রেপ্তারের কোনও কার্যকর উদ্যোগ এখনও পর্যন্ত নেই।
অভিযুক্তদের মধ্যে ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার রাম প্রসাদ পাল ও বিধায়ক রঞ্জিত দেববর্মা থাকায় তদন্তের বিলম্ব আরও সন্দেহজনক বলে মনে করছে ফোরাম। এই নিষ্ক্রিয়তা আইনপ্রয়োগকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে এবং সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে।
ফোরাম ঊনকোটি জেলা পুলিশ সুপারের মাধ্যমে রাজ্য পুলিশ মহানির্দেশকের কাছে চিঠি দিয়ে নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া দ্রুত শুরু এবং প্রয়োজনে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া জরুরি বলে ফোরাম মত প্রকাশ করেছে।
প্রশাসন সক্রিয় না হলে বৃহত্তর সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছে ঊনকোটি জেলা মিডিয়া ফোরাম। এই ঘটনা এখন শুধু একটি অভিযোগ নয়, রাজ্যে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে জোরালো বিতর্কের জন্ম দিয়েছে।


