নিউজ ডেস্ক || ত্রিপুরার খুমুলুঙে শাসক জোটের দুই শরিক দল বিজেপি ও আইপিএফটি-র মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। তিনি এ ধরনের হিংসাকে “বাঞ্ছনীয় নয়” বলে মন্তব্য করে জানান, জনগণ দলীয় কার্যালয়ে আগুন ও বাড়িঘরে ভাঙচুরের রাজনীতি কোনোভাবেই গ্রহণ করবে না।
মুখ্যমন্ত্রী বলেন, “খুমুলুঙের ঘটনা কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও কেরালা – যেখানে যেখানে কমিউনিস্টরা রাজত্ব করেছে, সেখানে এ ধরনের হিংস্রতা এখনও রয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, সবারই রাজনীতি করার অধিকার আছে, কিন্তু হিংসার পথে নয়। “দলীয় কার্যালয় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া এবং মানুষের বাড়িঘরে ভাঙচুর করার রাজনীতি মানুষ কোনোভাবেই গ্রহণ করে না,” বলেন তিনি।
শরিক দলের সঙ্গে সংঘর্ষ প্রসঙ্গে ডা. সাহা জানান, “এখনো সময় আছে, যারাই বিপথে চলছে এটা ঠিক নয়। এ ধরনের রাজনীতি আমরা চাই না। আমি বিহারেও গেছি, এ ধরনের রাজনীতি কোথাও নেই।” তিনি সতর্ক করে দিয়ে বলেন, “এ ধরনের জঙ্গলরাজ জনগণ মেনে নেবে না। জোরজবরদস্তি করে কেউ কোনো জায়গায় টিকে থাকতে পারবে না।”
মুখ্যমন্ত্রী শিগগিরই খুমুলুঙ এলাকা সরেজমিনে পরিদর্শন করবেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন।
এই ঘটনা ত্রিপুরার শাসক জোটের অভ্যন্তরীণ ঐক্যের উপর প্রশ্নচিহ্ন তৈরি করেছে। রাজ্যে শান্তি ও উন্নয়নের পরিবেশ বজায় রাখতে সব পক্ষের সংযম এবং আইনের শাসন কঠোরভাবে প্রয়োগ করা এখন সময়ের দাবি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


