নিউজ ডেস্ক || ড. বি আর আম্বেদকর ইংলিশ মিডিয়াম স্কুলের বয়েজ হস্টেলে দীর্ঘদিন ধরে চলা র্যাগিং ও নির্যাতনের ফলে ছাত্রসংখ্যা ১০০-র নীচে নেমে এসেছে। অভিভাবকরা একের পর এক সন্তানদের ফিরিয়ে নিচ্ছেন। হস্টেল কর্তৃপক্ষ ও প্রশাসনের উদাসীনতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ।
দু’বছর আগেও এই হস্টেলে প্রায় একশো ছাত্র থাকতেন এবং পড়াশোনার সুনাম ছিল। কিন্তু একাদশ-দ্বাদশ শ্রেণির কয়েকজন ছাত্রের নেতৃত্বে ছোট ক্লাসের ছাত্রদের উপর নিরন্তর র্যাগিং শুরু হওয়ায় পরিস্থিতি বদলে যায়। টাকা না দিলে মারধর, খাবার না দেওয়া, মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। শুক্রবার সপ্তম শ্রেণির এক ছাত্রকে আবার ফিরিয়ে নিয়ে যান তাঁর মা। তিনি জানান, “৬০০ টাকা না দেওয়ায় আমার ছেলেকে প্রচণ্ড নির্যাতন করা হচ্ছিল। খাবারও দেওয়া হচ্ছিল না।”
হস্টেল সুপার রাজেশ দেববর্মা জানিয়েছেন, “দ্বাদশ শ্রেণির এক ছাত্রের সঙ্গে ঝামেলা হয়েছিল, বিষয়টি মিটে গেছে।” কিন্তু অভিভাবক ও ছাত্রদের অভিযোগ, মূল অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মহকুমা শাসকের কাছেও একাধিকবার অভিযোগ জমা পড়েছে, বৈঠকও হয়েছে, তবু সমাধান মেলেনি।
এক বছরে প্রায় ৮০ জন ছাত্র হস্টেল ছেড়েছেন। বর্তমানে মাত্র ২২ জন রয়েছেন, তাও বেশিরভাগ ছোট ক্লাসের। অভিভাবকরা আশঙ্কা প্রকাশ করছেন, প্রশাসন দ্রুত হস্টেলের দিকে নজর না দিলে বড় ধরনের অনভিপ্রেত ঘটনাও ঘটতে পারে। শিক্ষা দপ্তরের হস্তক্ষেপ এখনও অধরা।


