নিউজ ডেস্ক || মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় নগর উন্নয়ন ও আবাসন মন্ত্রকের প্রতিমন্ত্রী তোখান সাহু ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটকে ‘ঐতিহাসিক ও জনমুখী’ বলে প্রশংসা করেছেন।
প্রতিমন্ত্রী জানান, ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পেশ করা বাজেট ২০৪৭ সালের ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য অর্জনে স্পষ্ট রূপরেখা তুলে ধরেছে। এতে আত্মনির্ভর ভারত গড়ার পাশাপাশি যুব সমাজের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেওয়া হয়েছে।
তোখান সাহু বলেন, বাজেটে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে, যা ভারতকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী করবে। গত ১২ বছরে দেশের অর্থনীতির অগ্রগতির প্রতিফলন এই বাজেটে স্পষ্ট। তিনি দাবি করেন, পূর্ববর্তী সরকারের তুলনায় বর্তমান সরকারের আমলে কেন্দ্রীয় বাজেটের আকার প্রায় দ্বিগুণ হয়েছে।
এছাড়া আধ্যাত্মিক পর্যটনকে উৎসাহিত করতে বৌদ্ধ সার্কিট গঠনের ঘোষণা করা হয়েছে, যা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তর-পূর্বাঞ্চলকে উন্নয়নের ইঞ্জিন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রেল যোগাযোগে ১১,৪৮৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, জনকল্যাণমূলক এই বাজেট ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করবে। এর সফল বাস্তবায়ন দেশের সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করে ২০৪৭ সালের লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


