নিউজ ডেস্ক || গতকাল (১২ ফেব্রুয়ারি) দেশব্যাপী ট্রেড ইউনিয়নের ডাকা সাধারণ ধর্মঘট ত্রিপুরায় ব্যাপক সাড়া পেয়েছে বলে দাবি করেছে সিআইটিইউ। রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত আজ সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলেন, শাসক দল বিজেপি ধর্মঘটকে কেন্দ্র করে অপপ্রচার ও কুৎসা রটাচ্ছে।
তিনি জানান, ধর্মঘট সম্পূর্ণ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ছিল। কোথাও পিকেটিংয়ের নামে কাউকে আটকানো হয়নি। শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি—কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি রোধ, শ্রম আইন সংশোধন ইত্যাদি গুরুত্বপূর্ণ ইস্যুকে ধামাচাপা দিতে পরিকল্পিতভাবে ভুল তথ্য ছড়ানো হচ্ছে।
শংকর প্রসাদ দত্ত আরও বলেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে এই আন্দোলন বাস্তব সমস্যা থেকে উঠে এসেছে। এ ধরনের অপপ্রচার শ্রমিক আন্দোলনকে দমাতে পারবে না। ভবিষ্যতে শ্রমজীবীদের অধিকার রক্ষায় সংগঠন আরও বৃহত্তর লড়াইয়ে নামবে বলে তিনি হুঁশিয়ারি দেন।


