নিউজ ডেস্ক || ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচন আগামী ১৩ এপ্রিল, ২০২৬ অনুষ্ঠিত হবে। রাজ্য নির্বাচন কমিশনার মনোজ কুমার আজ সচিবালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করেন। এই নির্বাচনে ২৮টি আসনের জন্য ভোটগ্রহণ হবে।
নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে ১৮ মার্চ থেকে, যখন রিটার্নিং অফিসাররা পাব্লিক নোটিশ জারি করবেন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৫ মার্চ, পরীক্ষা ২৬ মার্চ এবং প্রত্যাহারের শেষ দিন ২৮ মার্চ। ভোটগ্রহণ চলবে সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রয়োজনে রি-পোল বা ফ্রেশ পোল হবে ১৬ এপ্রিল এবং গণনা শুরু হবে ১৭ এপ্রিল সকাল ৮টা থেকে। ১৮ এপ্রিলের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে।
নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে শুধুমাত্র এডিসি এলাকায় নির্বাচনী আচরণ বিধি কার্যকর হয়েছে। প্রতিটি বুথে সিসিটিভি ও ভিডিওগ্রাফির ব্যবস্থা থাকবে। রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ জানান, পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে এবং বুথগুলিকে এ, বি ও সি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। কমিশনার মনোজ কুমার সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
এডিসি রাজ্যের প্রায় ৭০ শতাংশ ভৌগোলিক এলাকা নিয়ন্ত্রণ করে এবং উপজাতি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। এই নির্বাচন উপজাতি এলাকার উন্নয়ন ও স্বশাসনের দিক থেকে গুরুত্বপূর্ণ।
এখন প্রার্থীদের মনোনয়ন দাখিলের অপেক্ষা। রাজনৈতিক দলগুলি প্রচারে নামবে এবং নিরাপত্তা-সহ সার্বিক প্রস্তুতি চলবে, যাতে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়।


