নিউজ ডেস্ক || ৫৬-ধর্মনগর বিধানসভা উপ-নির্বাচনকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বৃহস্পতিবার কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যের সমর্থনে বিশাল পদযাত্রা ও জনসংযোগ অভিযান করেছে দল।
দলের প্রভাবশালী নেতা ও বিধায়ক সুদীপ রায় বর্মনের নেতৃত্বে কয়েকশো কর্মী-সমর্থক পদ্মপুর এলাকায় রাস্তাজুড়ে মিছিল করে। মিছিলে সাধারণ মানুষের ব্যাপক সাড়া মেলে। পদযাত্রার পাশাপাশি চলে বাড়ি বাড়ি ভোট প্রচার।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সুদীপ রায় বর্মন বলেন, “ভয়-ভীতি উপেক্ষা করে এবার মানুষ নিজেদের বিবেক অনুযায়ী ভোট দেবেন।” জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে কংগ্রেস নেতৃত্ব জয়ের ব্যাপারে আশাবাদী।
পদ্মপুরের এই নিবিড় জনসংযোগ ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। এখন সবার নজর ৫৬-ধর্মনগরের ভোটবাক্সের দিকে—মাঠের এই সমর্থন কতটা ভোটে প্রতিফলিত হয়, সেটাই দেখার।


