নিউজ ডেস্ক || ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচনের প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। দলটির অভিযোগ, ভিভিপ্যাট ছাড়া ইভিএম ব্যবহারে স্বচ্ছতা নেই এবং প্রয়োজনে ব্যালট পেপারে ভোটগ্রহণের দাবি জানিয়েছে।
প্রদেশ কংগ্রেসের নেতারা জানিয়েছেন, ২০১৮ সালের পর রাজ্যের বিভিন্ন নির্বাচনে প্রশাসনকে শাসকদলের স্বার্থে ব্যবহার করা হয়েছে। বিপুল অর্থের প্রভাব এবং প্রশাসনিক পক্ষপাতিত্ব নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করেছে বলে তাঁরা মনে করেন। পাহাড়ি এলাকায় বর্তমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে প্রচার থেকে ভোটগ্রহণ ও গণনা পর্যন্ত কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের দাবিও করেছে কংগ্রেস।
এছাড়া ধর্মনগর উপনির্বাচনসহ টিটিএএডিসি নির্বাচনে সিসি ক্যামেরা ও ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে নজরদারির ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। বর্তমান এডিসির পরিস্থিতি বিবেচনায় নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে আরও কড়া ও স্বচ্ছ পদক্ষেপ নিতে হবে বলে কংগ্রেস মনে করে। অন্যথায় ভোট প্রক্রিয়ার ওপর জনগণের আস্থা আরও কমে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে দলটি।
এই অভিযোগ ও দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয়, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলে। বিশেষ করে পাহাড়ি এলাকায় স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্রের প্রতি জনবিশ্বাস বজায় রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।


