পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ অভিযানের অংশ হিসেবে বিজেপির চার বড় জেলা মণ্ডলের উদ্যোগে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে মণ্ডলের প্রশিক্ষণ বর্গের সদস্যরা অংশগ্রহণ করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় এবং মেয়র ইন কাউন্সিল জগদীশ দাসসহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কার্যকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শিবিরে সংগঠনের আদর্শ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, জনসংযোগ এবং সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কৌশল নিয়ে আলোচনা হয়।
বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় বলেন, “পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে এই মহাপ্রশিক্ষণ অভিযান পরিচালিত হচ্ছে। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি দলের সংগঠনকে আরও মজবুত করবে এবং কর্মীদের সাংগঠনিক দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” তিনি রাজ্য ও কেন্দ্র সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উপর জোর দেন এবং কর্মীদের মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখার আহ্বান জানান।
মেয়র ইন কাউন্সিল জগদীশ দাস সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “প্রশিক্ষিত কর্মীরাই দলের মূল শক্তি। আগামী দিনে সংগঠনের বিস্তারে এই ধরনের প্রশিক্ষণ শিবির অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে।”
প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এই ধরনের উদ্যোগ দলের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির পাশাপাশি জনসেবামূলক কাজকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।


