রাজ্যের যুব সমাজের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ত্রিপুরায় ‘রামকৃষ্ণ মিশন স্কুল অব ল্যাঙ্গুয়েজেস’ এবং ‘দ্য সেন্টার ফর হিউম্যান অ্যাক্সিলেন্স’ স্থাপনের লক্ষ্যে আজ দক্ষতা উন্নয়ন দপ্তর ও রামকৃষ্ণ মিশন বিবেকনগরের মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
সচিবালয়ের ২ নম্বর কনফারেন্স হলে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা বলেন, রাজ্যে ভাষা শিক্ষা ও মানবসম্পদ বিকাশের জন্য এই দুই প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ আগামী দিনে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, এই উদ্যোগ রাজ্যের যুব সমাজকে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে নতুন সুযোগ এনে দেবে এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মুখ্যমন্ত্রী জানান, স্কুল অব ল্যাঙ্গুয়েজেসে জার্মান, ফরাসি ও স্প্যানিশের পাশাপাশি হিন্দি, সংস্কৃত এবং বাংলা ভাষা শেখানোর ব্যবস্থা থাকবে। অন্যদিকে, সেন্টার ফর হিউম্যান অ্যাক্সিলেন্সে কম্পিউটার ট্রেনিং সেন্টার, আধুনিক ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি, ধ্যানকক্ষ, স্মার্ট ক্লাসরুমসহ বিভিন্ন অত্যাধুনিক সুবিধা গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে যুব সমাজ কর্মসংস্থান ও জীবিকা অর্জনের ক্ষেত্রে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এই প্রতিষ্ঠানগুলিতে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে এবং নিজেদের দক্ষতা আরও বৃদ্ধি করতে সক্ষম হবে।
প্রাথমিকভাবে গাঙ্গাইল রোডস্থিত রামকৃষ্ণ মিশনে ১০০ জন ছাত্রছাত্রী নিয়ে কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশনের নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হবে, যেখানে প্রতি বছর প্রায় এক হাজার শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ যুবশক্তির দেশ হিসেবে ভারতের অগ্রগতির মূল ভিত্তি যুব সমাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র ও রাজ্য সরকার যুব সম্প্রদায়ের দক্ষতা বিকাশে বিভিন্ন কার্যকরী কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি শিক্ষিত, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন যুব সমাজ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শুভকরানন্দ মহারাজ জানান, হায়দ্রাবাদ ও কলকাতায় রামকৃষ্ণ মিশনের পরিচালনায় অনুরূপ শিক্ষা প্রতিষ্ঠান সফলভাবে পরিচালিত হচ্ছে। সেখানে ১৮টি বিভাগে প্রতি বছর প্রায় ১৮ হাজার শিক্ষার্থী দেশি-বিদেশি ভাষা শিক্ষা গ্রহণ করেন।
অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে স্বাগত বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা, মুখ্যমন্ত্রীর ওএসডি পরমানন্দ সরকার ব্যানার্জী, দক্ষতা উন্নয়ন দপ্তরের অধিকর্তা প্রদীপ কে. সহ রামকৃষ্ণ মিশনের সাধুসন্ত ও বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এদিন প্রস্তাবিত প্রতিষ্ঠানকে কেন্দ্র করে একটি স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।


