আগরতলা, ৬ জুন: আগরতলা পুরনিগমের ১১ নম্বর ওয়ার্ডে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করলেন পুরনিগমের মেয়র দীপক মজুমদার। শনিবার অনুষ্ঠিত এই পরিদর্শন কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মেয়র-ইন-কাউন্সিলর, সংশ্লিষ্ট ওয়ার্ডের কর্পোরেটর এবং পুরনিগমের বিভিন্ন বিভাগের প্রকৌশলী ও আধিকারিকরা।
পরিদর্শনকালে এলাকার রাস্তা নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পানীয় জল সরবরাহসহ বিভিন্ন নাগরিক পরিকাঠামো সংক্রান্ত কাজের অগ্রগতি খতিয়ে দেখা হয়। মেয়র সংশ্লিষ্ট আধিকারিকদের কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়সীমার মধ্যে সমস্ত প্রকল্প সম্পন্ন করার নির্দেশ দেন।
এদিন মেয়র এলাকার বাসিন্দাদের সঙ্গেও মতবিনিময় করেন। তিনি স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার কথা শোনেন এবং দ্রুত সেগুলির সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার জানান, ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহাবীর নগর বাজারের পুকুর সংস্কার প্রকল্পের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। প্রায় দুই বছর আগে শুরু হওয়া এই প্রকল্পের কাজ আগামী ১০ দিনের মধ্যেই সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি, চলতি মাসের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে সংস্কারকৃত পুকুরটির আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
স্থানীয় উন্নয়ন ও নাগরিক পরিষেবা আরও শক্তিশালী করতে পুরনিগম ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে মেয়র উল্লেখ করেন।


