এলাকার দীর্ঘদিনের অবকাঠামোগত ও জনপরিষেবা সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানের দাবিতে আমবাসা ব্লকের ৪৭ ও ৩৯ নম্বর বুথের বিজেপি নেতা ও স্থানীয় কর্মীরা জগন্নাথপুর ভিলেজের পঞ্চায়েত সচিবের মাধ্যমে আমবাসা ব্লকের বিডিওর উদ্দেশ্যে একটি ডেপুটেশন জমা দেন।
ডেপুটেশনে জগন্নাথপুর ভিলেজের অন্তর্গত সাতটি ওয়ার্ডে দীর্ঘদিন ধরে আটকে থাকা বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন, যার ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
ডেপুটেশনে উত্থাপিত প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন রাস্তাঘাটের সংস্কার, কার্পেটিং ও ইটের সোলিংয়ের ব্যবস্থা করা, নতুন ফুট ব্রিজ ও ড্রেন নির্মাণ, মিনি পাম্প ও মোটর স্থাপনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা নিশ্চিত করা, জিসি রোড থেকে ব্লক অফিস এবং মাস্টারপাড়া অভিমুখী রাস্তায় কার্পেটিংয়ের কাজ সম্পন্ন করা এবং ধলাই নদীর উপর একটি নতুন ফুট ব্রিজ নির্মাণ।
ডেপুটেশন গ্রহণের পর পঞ্চায়েত সচিব জানান, সাধারণ মানুষের স্বার্থে উত্থাপিত দাবিগুলো বিডিও ম্যাডামের কাছে পাঠানো হবে। পাশাপাশি পরবর্তী সময়ে প্রয়োজনীয় রেজুলেশনের মাধ্যমে বিষয়গুলো বিবেচনা করে যথাযথ পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
এলাকাবাসীর আশা, প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান করবে এবং উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের মাধ্যমে জনদুর্ভোগ লাঘব করবে।


