অন্ধ্রপ্রদেশের একটি শিল্প কারখানায় ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে প্রায় ১৬০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গলিত লোহা ক্রেনের সাহায্যে একটি বালতিতে করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় আচমকা বালতি থেকে গলিত লোহা নিচে থাকা শ্রমিকদের ওপর পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুনের মতো উত্তপ্ত গলিত লোহায় ঝলসে যান একাধিক শ্রমিক। ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। এছাড়া আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাঁদের চিকিৎসা চলছে।
এই মর্মান্তিক ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কারখানা কর্তৃপক্ষ। প্রযুক্তিগত ত্রুটি নাকি নিরাপত্তা ব্যবস্থার গাফিলতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। তিনি মৃত শ্রমিকদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। পাশাপাশি আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করা হয়েছে।
ঘটনার জেরে শিল্পাঞ্চলজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।


