আগরতলা, ১০ জুন: ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন (টিএফএ) পরিচালিত সি-ডিভিশন ফুটবল লীগের পর্দা উঠতে চলেছে। আর সেই প্রতিযোগিতাকে সামনে রেখে নতুন উদ্দীপনায় প্রস্তুতি শুরু করেছে কদমতলা যুব সংস্থা। এবার নিয়ে তৃতীয়বারের মতো সি-ডিভিশন লীগে অংশ নিতে চলেছে দলটি।
টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে ক্লাব গৃহে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় দলের নতুন জার্সি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সুনীল ধর, সহ-সভাপতি অমল ঘোষ, সম্পাদক দিলীপ দেববর্মা, কোষাধ্যক্ষ গৌতম দেবনাথসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
ক্লাব সূত্রে জানা গেছে, এবার ২৩ সদস্যের একটি শক্তিশালী দল গঠন করা হয়েছে, যার অধিকাংশ ফুটবলারই গোমতী জেলার বাসিন্দা। দলের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন রাজেশ দেববর্মা। অধিনায়কের দায়িত্ব পালন করবেন এলিয়া দেববর্মা এবং সহ-অধিনায়ক হিসেবে থাকছেন জগৎ জমাতিয়া। এছাড়া দলের ম্যানেজারের দায়িত্বে রয়েছেন প্রদীপ দেববর্মা (তুতু)।
গত দুই মরশুমে খুব কাছাকাছি গিয়েও বি-ডিভিশনে উন্নীত হওয়ার সুযোগ হাতছাড়া করতে হয়েছিল কদমতলা যুব সংস্থাকে। তাই এবার আর কোনো ভুল করতে নারাজ ক্লাব কর্তারা। তাদের একটাই লক্ষ্য— সি-ডিভিশন থেকে উত্তীর্ণ হয়ে আগামী মরশুমে বি-ডিভিশনে জায়গা নিশ্চিত করা।
আগামী ১২ জুন এডিসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের অভিযান শুরু করবে কদমতলা যুব সংস্থা। প্রথম ম্যাচে দর্শকদের মাঠে উপস্থিত থেকে দলকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।


