আগরতলা, প্রতিনিধি: তপশিলি জাতিভুক্ত মানুষের সামাজিক, অর্থনৈতিক ও স্বনির্ভরতার উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে আগরতলার সোনারতরী রাজ্য অতিথিশালায় তপশিলি জাতি কল্যাণ দপ্তরের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের উদ্যোগ নেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এতে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ উপ-কমিটির চেয়ারম্যান, দপ্তরের সচিব দীপা ডি. নায়ারসহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।
বৈঠকে প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে অনুষ্ঠিত পূর্ববর্তী সভায় উত্থাপিত বিভিন্ন সমস্যা, পরামর্শ এবং সিদ্ধান্তের ভিত্তিতে গৃহীত পদক্ষেপগুলোর (অ্যাকশন টেকেন রিপোর্ট) বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি রাজ্যের তপশিলি জাতিভুক্ত মানুষের জীবনমান উন্নয়নে দপ্তরের ভূমিকা আরও কীভাবে শক্তিশালী করা যায়, সে বিষয়েও বিস্তৃত আলোচনা হয়।
সভায় বিভিন্ন ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের সম্মানী ভাতা বৃদ্ধি এবং সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা, তা নিয়েও গুরুত্ব সহকারে আলোচনা করা হয়।
এছাড়া রাজ্যজুড়ে তপশিলি জাতি শংসাপত্র (এসসি সার্টিফিকেট) প্রাপ্তির ক্ষেত্রে সাধারণ মানুষের সম্মুখীন হওয়া সমস্যা ও অভিযোগগুলি খতিয়ে দেখা হয়। সার্টিফিকেট প্রদানের প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
বৈঠকে কেন্দ্রীয় প্রকল্প ‘প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা’ (PM-AJAY)-এর আওতায় হোস্টেল নির্মাণ, অনুদান প্রদান এবং দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। তবে মন্ত্রী সুধাংশু দাস জানান, ব্লক, মহকুমা ও জেলা স্তরে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের জন্য নির্দিষ্ট কর্মকর্তা না থাকায় প্রকল্পগুলির বাস্তবায়নে কিছু প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে। তিনি দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস দেন।
মন্ত্রী আশা প্রকাশ করেন, প্রশাসনিক বাধা দূর করে তপশিলি জাতিভুক্ত মানুষের সার্বিক উন্নয়নে দপ্তর আরও কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে।


