আগরতলা, প্রতিনিধি: ত্রিপুরার শিল্প, বাণিজ্য এবং বিনিয়োগের সম্ভাবনাকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে আগরতলার একটি নামী হোটেলে অনুষ্ঠিত হলো দ্বিতীয় রিভার্স বায়ার-সেলার মিট। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME) উৎপাদকদের সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্ভাব্য ক্রেতা, বিক্রেতা, উদ্যোক্তা এবং ব্যবসায়িক প্রতিনিধিদের সরাসরি সংযোগ স্থাপনের সুযোগ সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের উদ্যোগ ত্রিপুরার উৎপাদিত পণ্যকে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি নতুন বাণিজ্যিক অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রেও এটি কার্যকর মঞ্চ হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। তিনি তাঁর বক্তব্যে বলেন, রাজ্যের শিল্পোন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে ত্রিপুরার হস্তশিল্প, কৃষিভিত্তিক শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ, তথ্যপ্রযুক্তি (আইটি) এবং বাঁশ ও আগর শিল্পের বিপণন সম্প্রসারণে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মন্ত্রী আরও জানান, MSME সেক্টরকে শক্তিশালী করে ত্রিপুরাকে বাণিজ্যের ক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যাওয়াই সরকারের অন্যতম লক্ষ্য। নতুন উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় সরকারি সহযোগিতা ও সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
এই রিভার্স বায়ার-সেলার মিটে ব্যবসায়িক আলোচনা ছাড়াও স্থানীয় পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়িক প্রতিনিধিদের মধ্যে নতুন বাণিজ্যিক সম্ভাবনা এবং অংশীদারিত্ব নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। অংশগ্রহণকারীদের মতে, এই উদ্যোগ ত্রিপুরার শিল্প ও বাণিজ্য খাতকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে সহায়ক হবে।


