নিজস্ব প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে আগরতলার শিবনগর এলাকার অরুন্ধতি অ্যাপার্টমেন্টের একটি ভাড়া ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ এসকফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ফ্ল্যাটে থাকা এক তরুণী গৃহবধূকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত তল্লাশিতে মোট ৭৪৯ বোতল নেশাজাতীয় এসকফ সিরাপ উদ্ধার হয়। উদ্ধার হওয়া সিরাপগুলো এনডিপিএস (NDPS) আইনের আওতাভুক্ত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসডিপিও ধ্রুবনাথ জানান, প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, উদ্ধার হওয়া সিরাপগুলো অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা হয়েছিল। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে আটক গৃহবধূকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এর আগের দিন সন্ধ্যাতেও শহরের প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করেছিল পুলিশ। পরপর এই ধরনের উদ্ধার অভিযানের ঘটনায় মাদক চক্রের বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা এলাকায় নিয়মিত পুলিশি নজরদারির অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, মাদক ব্যবসার বিস্তার রোধে আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান প্রয়োজন। রাজ্যে ক্রমবর্ধমান মাদক কারবার নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।


