গ্যাস লিকের জেরে বিস্ফোরণ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু অগ্নিদগ্ধ যুবকের
নিজস্ব প্রতিনিধি: ফ্ল্যাটের ভেতরে গ্যাস লিক থেকে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শেষ পর্যন্ত প্রাণ হারালেন শুভ্রজিৎ চৌধুরী নামে এক যুবক। বিস্ফোরণে তিনি প্রায় ৯০ শতাংশ অগ্নিদগ্ধ হয়েছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে দিল্লি বা কলকাতায় স্থানান্তরের প্রস্তুতি চললেও, শুক্রবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
প্রাথমিক ফরেন্সিক রিপোর্টে জানা গেছে, ফ্ল্যাটের ভেতর দিয়ে যাওয়া গ্যাসের পাইপলাইন থেকে গ্যাস লিক হচ্ছিল। ওই পাইপটি খোলা অবস্থায় ছিল বলে তদন্তে উঠে এসেছে। সকালে ধূপকাঠি জ্বালানোর সময় আগুনের সংস্পর্শে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের তীব্রতায় ফ্ল্যাটের একাধিক কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি আশপাশের প্রায় পাঁচ থেকে ছয়টি ফ্ল্যাট বা বাড়িও এই বিস্ফোরণের প্রভাবে ক্ষতির মুখে পড়ে। ঘটনায় এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।
এদিকে, ঘটনার পেছনে গ্যাস সরবরাহকারী সংস্থা TNGCAL-এর কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ও আতঙ্কিত বাসিন্দাদের পাশে থাকার এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।
তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশের পরই বিস্ফোরণের প্রকৃত কারণ ও দায়-দায়িত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


