কুমারঘাট, প্রতিনিধি: রাজ্য সরকারের উদ্যোগে কুমারঘাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির মোট ১৩৯ জন ছাত্রীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত আরও সহজ ও সুগম করে তোলা এবং তাদের শিক্ষাজীবনে নতুন উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস। তিনি ছাত্রীদের হাতে সাইকেল তুলে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এদিন বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, নারী শিক্ষা ও নারী ক্ষমতায়ন একটি উন্নত সমাজ গঠনের অন্যতম প্রধান ভিত্তি। আজকের ছাত্রীরাই আগামী দিনের সমাজ ও দেশের চালিকাশক্তি হবে উল্লেখ করে তিনি বলেন, মেয়েদের শিক্ষার প্রসার এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে রাজ্য সরকার বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও শিক্ষা সহায়তা কর্মসূচি চালু রেখেছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ এবং অভিভাবকরাও সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সাইকেল পাওয়ায় দূরবর্তী এলাকার ছাত্রীরা সহজেই বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে, ফলে তাদের পড়াশোনায় আগ্রহ ও নিয়মিত উপস্থিতি আরও বৃদ্ধি পাবে।
এই কর্মসূচির মাধ্যমে শিক্ষাক্ষেত্রে নারী অংশগ্রহণ বৃদ্ধি এবং ছাত্রীদের আত্মনির্ভরশীল করে তোলার ক্ষেত্রে রাজ্য সরকারের উদ্যোগ আরও একবার গুরুত্বের সঙ্গে প্রতিফলিত হলো।


