নিজস্ব সংবাদদাতা: ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন, আদর্শ ও দেশসেবামূলক কর্মকাণ্ডকে সাধারণ মানুষের মধ্যে তুলে ধরার লক্ষ্যে ১৮-সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে গত ২৩ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার কাঁঠালতলি এলাকায় এক বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করা হয়।
ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ তথা সূর্যমণিনগরের বিধায়ক রামপ্রসাদ পালের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রভাত ফেরিতে প্রায় ৪০০ থেকে ৫০০ মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি কাঁঠালতলি এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে স্থানীয় একটি কমিউনিটি হলে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত হয় একটি আলোচনা সভা। সভায় ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনাদর্শ, দেশপ্রেম ও জাতীয় জীবনে তাঁর অবদান নিয়ে বিশদ আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে বিধায়ক রামপ্রসাদ পাল বক্তব্য রাখেন এবং ড. মুখার্জির আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন ও কর্মভিত্তিক একটি কুইজ প্রতিযোগিতা। এতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ৫০০ টাকা করে নগদ পুরস্কার তুলে দেওয়া হয়।
নিজের বক্তব্যে বিধায়ক রামপ্রসাদ পাল বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ‘এক দেশ, এক নিশান’-এর যে ভাবনা ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ আজ সেই লক্ষ্য বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে। তিনি ড. মুখার্জির আদর্শ অনুসরণের মাধ্যমে জাতীয় ঐক্য ও উন্নয়নের বার্তা আরও শক্তিশালী করার আহ্বান জানান।
সমগ্র কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের উৎসাহ ও ব্যাপক অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।


