নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ ত্রিপুরার গুণধর পাড়ায় সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে নবনির্মিত একটি মাল্টিপারপাস কমিউনিটি সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। সভাপতিত্ব করেন করবক আরডি ব্লকের বিএসসি ভাইস চেয়ারম্যান প্রণব ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, জনপ্রতিনিধি অতিন্দ্র রিয়ান, অসিম ত্রিপুরা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, ২০২৩ সালে কেন্দ্রীয় সরকারের চালু করা পিএম-জনমন (PM-JANMAN) প্রকল্পের আওতায় এই মাল্টিপারপাস কমিউনিটি সেন্টারটি নির্মিত হয়েছে। তিনি বলেন, আরডি (RD) দপ্তরের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হচ্ছে এবং এই কেন্দ্রটি এলাকার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও জানান, ভবিষ্যতে এই কমিউনিটি সেন্টার থেকেই বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি, সচেতনতামূলক সভা, সামাজিক অনুষ্ঠান এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হবে। ফলে স্থানীয় মানুষের জন্য এটি একটি কার্যকর সামাজিক অবকাঠামো হিসেবে গড়ে উঠবে।
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে গুণধর পাড়ার বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আশাবাদ দেখা যায়। এলাকাবাসীর বিশ্বাস, নতুন এই মাল্টিপারপাস কমিউনিটি সেন্টার ভবিষ্যতে এলাকার সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করবে এবং সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


