টানা বৃষ্টিতে গুয়াহাটির বিস্তীর্ণ এলাকা ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়েছে। রাজগড় রোড, অনিলনগর, নবীনগর, বেলতলাসহ একাধিক এলাকা সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়ায় কার্যত স্তব্ধ হয়ে গেছে জনজীবন। কোথাও হাঁটু সমান, আবার গলি ও আবাসিক এলাকাগুলিতে কোমর থেকে বুকসমান জল জমে রয়েছে। বহু অটো-রিকশা, রিকশা ও ব্যক্তিগত গাড়ি জলের নিচে তলিয়ে গেছে।
পরিস্থিতি মোকাবিলায় সিভিল ডিফেন্স, এসডিআরএফ এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল রাবার বোট নিয়ে দিনরাত উদ্ধার অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত ২০ জনেরও বেশি অসুস্থ রোগী, গর্ভবতী মহিলা, শিশু ও প্রবীণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রশাসনের পাশাপাশি বহু স্থানীয় বাসিন্দাও কলাগাছ দিয়ে ভেলা কিংবা ছোট নৌকা তৈরি করে যাতায়াত ও উদ্ধারকাজে সহায়তা করছেন।
জলাবদ্ধতার কারণে স্কুল-কলেজে যেতে পারেনি ছাত্রছাত্রীরা, অফিসগামীদেরও ভোগান্তির মুখে পড়তে হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ওয়াটার পাম্প চালানো সম্ভব হচ্ছে না, ফলে তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে। প্লাবিত এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যাপ্ত পানীয় জল বা ত্রাণসামগ্রী পৌঁছায়নি।
স্থানীয়দের দাবি, প্রতি বছর একই সমস্যার পুনরাবৃত্তি হলেও স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ দেখা যায় না। বারবার জলাবদ্ধতায় ঘরবাড়ি, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ব্যাপক ক্ষতি হচ্ছে, যার ফলে আর্থিকভাবে চরম সংকটে পড়ছেন বাসিন্দারা।
পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে গেলেও দ্রুত জল নিষ্কাশন ও দীর্ঘমেয়াদি সমাধানের দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান