প্রয়াত হলেন ত্রিপুরার বরজলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা গৌরী ভট্টাচার্য। ৯৫ বছর বয়সে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
শনিবার সকালে প্রয়াত নেত্রীর মরদেহ নিয়ে আসা হয় ত্রিপুরা বিধানসভা তথা মহাকরণ প্রাঙ্গণে। সেখানে দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, মন্ত্রী, বিধায়ক ও জনপ্রতিনিধিরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান।
গৌরী ভট্টাচার্য ১৯৭৭ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত বরজলা বিধানসভা কেন্দ্রের নির্বাচিত বিধায়িকা হিসেবে দায়িত্ব পালন করেন। ত্রিপুরার বিধানসভায় প্রথম দিকের মহিলা বিধায়িকাদের অন্যতম ছিলেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, নিষ্ঠা এবং সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতার সঙ্গে কাজ করার জন্য তিনি পরিচিত ছিলেন।
শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মন্ত্রী সুশান্ত চৌধুরী, সুধাংশু দাস, টিঙ্কু রায়, শান্তনা চাকমা সহ অন্যান্যরা। পাশাপাশি বাম শিবিরের বিধায়ক নারায়ণ সরকার, সুদীপ সরকার, দীপঙ্কর সেন সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বও উপস্থিত থেকে প্রয়াত নেত্রীকে শ্রদ্ধা জানান।
মন্ত্রী সুশান্ত চৌধুরী গৌরী ভট্টাচার্যের স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন একজন অমায়িক মানুষ। সততা ও নিষ্ঠার সঙ্গে বরজলা এলাকার মানুষের জন্য কাজ করে গিয়েছেন তিনি। তাঁর প্রয়াণ ত্রিপুরার রাজনৈতিক ও সামাজিক পরিসরে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে বলেও শোকপ্রকাশ করেন তিনি।
গৌরী ভট্টাচার্যের প্রয়াণে রাজনৈতিক মহল থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর দীর্ঘ জনসেবা ও রাজনৈতিক অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন সকলে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান