Thursday, August 6, 2026
বিজ্ঞাপন 728 x 90
বাড়ি রাজ্য ২০২৮ লক্ষ্যেই দিল্লিতে বিজেপির কৌশল বৈঠক, তিপ্রা মথার সঙ্গে জোটের ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা

২০২৮ লক্ষ্যেই দিল্লিতে বিজেপির কৌশল বৈঠক, তিপ্রা মথার সঙ্গে জোটের ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা

২০২৮ লক্ষ্যেই দিল্লিতে বিজেপির কৌশল বৈঠক, তিপ্রা মথার সঙ্গে জোটের ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা

নয়াদিল্লি: ২০২৮ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচন এবং ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (এডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের রাজনৈতিক প্রস্তুতি আরও জোরদার করেছে। এই লক্ষ্যেই নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় ও ত্রিপুরা রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সূত্রের খবর, বৈঠকে আগামী দিনের রাজনৈতিক কৌশল, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং শাসক জোটের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে জোটসঙ্গী তিপ্রা মথার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক আরও সুসংহত করার সম্ভাবনা এবং ভবিষ্যৎ সমন্বয় নিয়েও গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, জাতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ, উত্তর-পূর্বাঞ্চলের সমন্বয়ক সম্বিত পাত্র এবং ত্রিপুরার প্রভারী রাজদীপ রায়। রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, সাবেক মুখ্যমন্ত্রী ও সাংসদ বিপ্লব কুমার দেব, সাংসদ রাজীব ভট্টাচার্য, সাবেক সাংসদ প্রতিমা ভৌমিক, রেবতী ত্রিপুরা এবং মন্ত্রী রতনলাল নাথ, বিকাশ দেববর্মা ও টিঙ্কু রায়।

দলীয় সূত্রে জানা গেছে, এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে গঠিত বিশেষ কমিটির রণকৌশল চূড়ান্ত করার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি দলের অভ্যন্তরে যদি কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বা মতপার্থক্য থেকে থাকে, তা দ্রুত নিরসন করে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী লড়াইয়ে নামার বার্তাও দেওয়া হয়েছে।

এদিকে, রাজনৈতিক মহলে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে তিপ্রা মথার পরবর্তী পদক্ষেপ। জানা গেছে, তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর দেববর্মন এবং দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসবেন। ওই বৈঠকে পূর্বে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক চুক্তির বিভিন্ন দিক, বাস্তবায়নের অগ্রগতি এবং সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিল্লিতে অনুষ্ঠিত এই ধারাবাহিক বৈঠকগুলি শুধু আগামী নির্বাচনের প্রস্তুতিই নয়, বরং ত্রিপুরার রাজনীতিতে বিজেপি-তিপ্রা মথা সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশ নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha