নিউজ ডেস্ক || ত্রিপুরার আখাউড়া সীমান্ত সংলগ্ন লাইট হাউজ প্রজেক্টের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় সরকার অতিরিক্ত অর্থ বরাদ্দের মঞ্জুরি দিয়েছে। সাংসদ বিপ্লব কুমার দেবের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং খুব শীঘ্রই অবশিষ্ট নির্মাণ কাজ শুরু হতে চলেছে।
গত ২৪ জুলাই দিল্লিতে কেন্দ্রীয় আবাসন, শহরাঞ্চল বিষয়ক এবং বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খট্টরের সঙ্গে সাক্ষাতে বিপ্লব কুমার দেব প্রজেক্টের প্রধান প্রতিবন্ধকতাগুলি তুলে ধরেন এবং দ্রুত কাজ সম্পন্ন করার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের দাবি জানান। তাঁর এই উদ্যোগের ফলে প্রকল্পটি এখন নতুন গতি পেতে চলেছে।
উল্লেখ্য, বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে ত্রিপুরায় উত্তর-পূর্বাঞ্চলের প্রথম লাইট হাউজ প্রজেক্টের কাজ শুরু হয়। এই প্রকল্পটি ভারতের মধ্যে মোট ছয়টি স্থানে বাস্তবায়িত হচ্ছে। প্রাথমিকভাবে কাজ দ্রুত গতিতে এগোলেও, জমি সংক্রান্ত এবং অন্যান্য সমস্যার কারণে নির্ধারিত সময়ের মধ্যে এটি সম্পন্ন করা সম্ভব হয়নি। এই প্রজেক্টের মাধ্যমে প্রায় ১,০০০ পরিবার আবাসনের সুযোগ পাবে।
সাংসদ দেবের অবিচল প্রচেষ্টা এবং কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনার পর অতিরিক্ত অর্থ বরাদ্দের মাধ্যমে প্রকল্পের কাজ এখন ত্বরান্বিত হতে চলেছে। এই উদ্যোগ ত্রিপুরার আখাউড়া অঞ্চলের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


