আগরতলা পুর নিগম বর্ষা মৌসুমের আগে শহরের নিকাশি ব্যবস্থা আধুনিকীকরণ ও জল জমার সমস্যা সমাধানে সক্রিয় উদ্যোগ নিয়েছে। মেয়র দীপক মজুমদার আজ ২৩ নম্বর ওয়ার্ডে বিশেষ পরিদর্শনে গিয়ে এলাকার ড্রেনেজ ব্যবস্থাসহ নাগরিক পরিকাঠামোর অবস্থা খতিয়ে দেখেন।
পরিদর্শনকালে মেয়র দীপক মজুমদার দীর্ঘদিনের পুরনো ও জরাজীর্ণ ড্রেনগুলির সংস্কারের জন্য সংশ্লিষ্ট আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের প্রয়োজনীয় নির্দেশ দেন। তিনি জানান, বর্ষার আগে শহরের ড্রেনেজ নেটওয়ার্ককে আরও উন্নত ও আধুনিক করে তোলা আগরতলা পুর নিগমের প্রধান লক্ষ্য।
মেয়র বলেন, “জল জমার সমস্যা ও অন্যান্য নাগরিক দুর্ভোগের স্থায়ী সমাধানে পুর নিগম কাজ করছে।” তিনি আরও উল্লেখ করেন যে, শহরের নাগরিক পরিকাঠামোর উন্নয়ন এবং সাধারণ মানুষের কাছে উন্নত পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য পুর নিগম প্রতিশ্রুতিবদ্ধ।
এই পরিদর্শনে ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, পূর্বাঞ্চলের চেয়ারম্যানসহ পুর নিগমের একাধিক আধিকারিক ও ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন।
এই উদ্যোগ শহরবাসীর জন্য বর্ষাকালীন জলাবদ্ধতা কমিয়ে দৈনন্দিন জীবনযাত্রাকে স্বস্তিদায়ক করবে বলে আশা করা হচ্ছে। আগরতলা পুর নিগমের এই পদক্ষেপ নাগরিক সুবিধা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।


