রাজ্যে রেশম শিল্পের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে বদ্ধপরিকর ত্রিপুরা সরকার। এই লক্ষ্যকে সামনে রেখে বৃহস্পতিবার জিরানিয়া মহকুমার কালাবাগান এলাকায় অবস্থিত রাজ্য রেশম প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন ত্রিপুরার জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা।
পরিদর্শনকালে মন্ত্রী প্রশিক্ষণ কেন্দ্রের বর্তমান অবস্থা, কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়নের সম্ভাবনা নিয়ে কেন্দ্রের অধিকর্তা অজিত বাবু ও দপ্তরের অন্যান্য আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। রেশম শিল্পের প্রসারে প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
মন্ত্রী জানান, রাজ্য সরকার রেশম চাষ ও উৎপাদনকে আরও সম্প্রসারিত করতে একাধিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণের পরিকল্পনা করছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উন্নত পরিকাঠামো গড়ে তোলার মাধ্যমে স্থানীয় কৃষক ও শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি করা হবে, যাতে তাঁরা রেশম উৎপাদনের মাধ্যমে স্বনির্ভর হয়ে উঠতে পারেন।
তিনি আরও বলেন, রেশম শিল্প শুধু কর্মসংস্থানের সুযোগই বাড়াবে না, বরং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ক্ষেত্রে প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে আধুনিকীকরণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
সরকারের এই উদ্যোগ রাজ্যের রেশম শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার পাশাপাশি বহু মানুষের জীবিকা ও আর্থিক উন্নয়নের পথ প্রশস্ত করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।


