এডিসি ভোটে পাহাড়ে বিজেপির জয় নিশ্চিত করতে সক্রিয় দল, মুখ্যমন্ত্রীর আহ্বানে ঐক্যবদ্ধ কর্মী-সমর্থক
নিউজ ডেস্ক || আসন্ন ত্রিপুরা উপজাতি অধ্যুষিত এলাকা স্বায়ত্তশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে শাসক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করছে। পাহাড়ি এলাকায় দলের জয় নিশ্চিত করতে আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে জনজাতি নেতৃত্ব, বিধায়ক ও মন্ত্রীদের নিয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, জনজাতি মোর্চার সভাপতি পরিমল দেববর্মা, প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ জনজাতি মোর্চার বিভিন্ন পদাধিকারী ও দলীয় নেতৃত্ব।
মুখ্যমন্ত্রী মানিক সাহা বৈঠক শেষে জানান, সামনে এডিসি নির্বাচন। দল কীভাবে কাজ করবে তা নিয়ে জনজাতি মোর্চার নেতৃত্বের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচনী প্রস্তুতি, সংগঠন সম্প্রসারণ, বুথভিত্তিক কার্যক্রম জোরদার এবং জনজাতি অধ্যুষিত এলাকায় দলের বার্তা পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তৃণমূল স্তরে সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। এডিসি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়াই করলে পাহাড়ের মানুষের সমর্থন নিয়ে বিজেপি ভালো ফল করতে পারবে।
রাজনৈতিক মহলের মতে, এডিসি নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনীতিতে উত্তাপ বাড়ছে। ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচনের দিনক্ষণ ঘোষণার অপেক্ষায় রয়েছে সবাই। বিজেপি এখন থেকেই সংগঠনকে সক্রিয় করে তুলতে উদ্যোগী হয়েছে।


