বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর এবার ইতিহাস গড়ল উদ্বোধনেই। প্রথমবারের মতো তিন দেশ—মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে শুরু হলো ২০২৬ ফিফা বিশ্বকাপ। আর সেই ইতিহাসের সঙ্গে তাল মিলিয়ে আয়োজন করা হলো তিনটি আলাদা জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
মেক্সিকোর এস্তাদিও আজতেকায় প্রথম ঝলক
বৃহস্পতিবার, ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় অনুষ্ঠিত হলো প্রথম উদ্বোধনী অনুষ্ঠান। স্বাগতিক মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচের ৯০ মিনিট আগে শুরু হয় এই বর্ণাঢ্য আয়োজন। ভারতীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে শুরু হয়ে প্রায় ১৬ মিনিট ৩০ সেকেন্ড স্থায়ী হয় মূল অনুষ্ঠান।
অনুষ্ঠানে মঞ্চ মাতান কলম্বিয়ান পপ আইকন শাকিরা ও নাইজেরিয়ার গ্র্যামি-জয়ী আফ্রোবিটস তারকা বার্না বয়। তারা প্রথমবারের মতো লাইভ গাইলেন বিশ্বকাপের অফিসিয়াল গান “দাই দাই”। তাদের সঙ্গে ছিলেন কলম্বিয়ান রেগেটন তারকা জে বালভিন, দক্ষিণ আফ্রিকার টাইলা, মেক্সিকোর গ্র্যামি-জয়ী ব্যান্ড মানা, আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্দা, লিলা ডাউন্স, ড্যানি ওশান, লস আঞ্জেলেস আজুলেস ও রায়ান কাস্ত্রো। মেক্সিকোর জাতীয় সঙ্গীত পরিবেশন করেন আলেহান্দ্রো ফার্নান্দেজ, আর দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীত গান টাইলা।
ম্যাচ শুরু হয় ভারতীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে, ১২ জুন। মেক্সিকো ২-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা করে। এস্তাদিও আজতেকা ইতিহাসের প্রথম স্টেডিয়াম হিসেবে তিনটি বিশ্বকাপের ম্যাচ আয়োজনের রেকর্ড গড়ল—১৯৭০, ১৯৮৬ ও এবার ২০২৬।
ফিফার ঘোষণা অনুযায়ী, প্রতিটি আয়োজক দেশ তাদের প্রথম ম্যাচের আগে আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করবে।
১২ জুন টরন্টোর বিএমও ফিল্ডে কানাডার অনুষ্ঠানে পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, আলেসিয়া কারা, জেসি রেয়েজ, এলিয়ানা, নোরা ফাতেহি, ভেজেড্রিম, উইলিয়াম প্রিন্স ও বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়। ভারতীয় সময় রাত ১১টায় শুরু হবে এই অনুষ্ঠান, এরপর কানাডা মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনার।
একই দিন লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের অনুষ্ঠান মাতাবেন কেটি পেরি, ফিউচার, অনিতা, লিসা, রেমা ও টাইলা। ভারতীয় সময় ১৩ জুন ভোর ৫টায় শুরু হয়ে যুক্তরাষ্ট্র খেলবে প্যারাগুয়ের বিপক্ষে।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “এই অনুষ্ঠানগুলো সঙ্গীত, সংস্কৃতি ও ফুটবলকে একসূত্রে বাঁধবে। প্রতিটি দেশের নিজস্বতা ফুটে উঠবে, আবার একই সঙ্গে টুর্নামেন্টের বৈশ্বিক ঐক্যও প্রতিফলিত হবে”।
৪৮ দল ও ১০৪ ম্যাচ নিয়ে এবারের বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর। ফাইনাল হবে ১৯ জুলাই, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে, যেখানে থাকবে সুপার বোল-স্টাইলের হাফটাইম শো।
ভারতে সম্প্রচার: মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ দেখা গেছে জি-ফাইভ, ইউনাইট-এইট স্পোর্টস ও ডিডি স্পোর্টস-এ।


