আগরতলা, ১৩ জুলাই: মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে ত্রিপুরাজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিম ত্রিপুরা ও সিপাহীজলা জেলার জন্য কমলা সতর্কতা (Orange Alert) এবং রাজ্যের বাকি জেলাগুলির জন্য হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করেছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত পশ্চিম ত্রিপুরা এবং সিপাহীজলা জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে রাজ্যের অন্যান্য জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে, রবিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে সোমবার সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত রাজ্যের বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে পশ্চিম ত্রিপুরার ডিএম অফিস এলাকায় ১৩৮.০ মিলিমিটার, সিপাহীজলার বিশ্রামগঞ্জে ১১৬.০ মিলিমিটার, দক্ষিণ ত্রিপুরার কেভিকে দক্ষিণ এলাকায় ৮৫.০ মিলিমিটার এবং গোমতী জেলার অমরপুরে ৬১.৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষরেখা শ্রীগঙ্গানগর, হিসার, মোরাদাবাদ, গোরক্ষপুর হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবেই ত্রিপুরাজুড়ে প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে।
পরিস্থিতির প্রেক্ষিতে প্রশাসন সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলা, জলাবদ্ধ ও নিচু এলাকা থেকে সতর্ক থাকা এবং আবহাওয়া দপ্তরের সর্বশেষ নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দিয়েছে।


