ত্রিপুরার আগর শিল্পকে বিশ্বমানের করে তুলতে কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগ; ৮০ কোটি টাকার কমন প্রসেসিং ইউনিটের শিলান্যাস
নিউজ ডেস্ক || উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রকের (MDoNER) কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ত্রিপুরার উত্তর জেলার কদমতলা মহকুমার উত্তর ফুলবাড়ীতে অবস্থিত মামান ইন্ডাস্ট্রির আগর কারখানা পরিদর্শন করেন। এই সফরকে ঘিরে আগর শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
পরিদর্শনকালে মন্ত্রী আগর উৎপাদক, প্রক্রিয়াকরণকারী ও বিপণনকারীদের সঙ্গে মতবিনিময় করেন। আগরের উৎপাদন, প্রক্রিয়াকরণ, বিপণন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় শিল্পের সার্বিক উন্নয়নের দিকনির্দেশনা দেন।
এরপর বড়গোলে আগর মার্কেটের উন্নয়নের লক্ষ্যে ৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য কমন আগর প্রসেসিং ইউনিটের শিলান্যাস করেন মন্ত্রী। এই অনুষ্ঠানে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয়রা আশা করছেন, প্রকল্প বাস্তবায়িত হলে আগর শিল্পে নতুন যুগের সূচনা হবে এবং যুবকদের কর্মসংস্থান বাড়বে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিংকু রায়, শান্তনা চাকমা, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, জেলা শাসক চাঁদনী চন্দন, পুলিশ সুপার অভিনাশ রাই প্রমুখ।
বক্তব্যে সিন্ধিয়া বলেন, আগরকে ‘লিকুইড গোল্ড’ বলে অভিহিত করে, ত্রিপুরার আগর শিল্পের বার্ষিক টার্নওভার বর্তমান ১০০ কোটি থেকে ২০০০ কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেন্দ্র। রপ্তানি কোটা বাড়ানো হয়েছে এবং এই শিল্পের মাধ্যমে রাজ্যকে বিশ্বের দরবারে তুলে ধরা হবে।
এই উদ্যোগ ত্রিপুরার অর্থনীতি ও কর্মসংস্থানে নতুন গতি আনবে বলে আশাবাদী সকলে।


