আমেরিকার বাণিজ্য দপ্তর মার্কিন আইনের ৩০১ ধারার আওতায় ভারতসহ সাতটি দেশের ওপর অতিরিক্ত ১২.৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। জোরপূর্বক শ্রমের (Forced Labor) মাধ্যমে উৎপাদিত পণ্যের আমদানি রোধ করতেই এই পদক্ষেপের প্রস্তাব আনা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
প্রস্তাবিত তালিকায় ভারতের পাশাপাশি চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ রয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, যেসব দেশ জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্যের বিরুদ্ধে কার্যকর আইন প্রয়োগ বা নিষেধাজ্ঞা আরোপে ব্যর্থ হয়েছে, তাদের বিরুদ্ধেই এই ব্যবস্থা নেওয়া হতে পারে।
প্রস্তাব অনুযায়ী, যেসব দেশ আংশিক বা সম্পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর করেছে তাদের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে। অন্যদিকে, যারা এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি, তাদের ক্ষেত্রে শুল্কের হার ১২.৫ শতাংশ পর্যন্ত হতে পারে।
তবে এই মুহূর্তে বিষয়টি এখনও আলোচনা ও পর্যালোচনার পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত এখনো গ্রহণ করা হয়নি।
বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়ার মধ্যেই যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব ভারতের রপ্তানি খাতের জন্য নতুন উদ্বেগ তৈরি করতে পারে। প্রস্তাব কার্যকর হলে ভারতীয় পণ্যের মার্কিন বাজারে প্রতিযোগিতা কিছুটা কঠিন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


