উত্তর ও দক্ষিণের কয়েকটি জেলায় ৭–১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, তবে পশ্চিম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা কম
ত্রিপুরা জুড়ে চরম গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত রয়েছে। আকাশে মেঘের উপস্থিতি থাকলেও প্রত্যাশিত বৃষ্টিপাত না হওয়ায় রাজ্যের বিভিন্ন এলাকায় গ্রীষ্মকালের মতোই গরম অনুভূত হচ্ছে। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় অস্বস্তি আরও বেড়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৩০ ঘণ্টার মধ্যে উত্তর ত্রিপুরা, ধলাই, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরার কয়েকটি স্থানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে পশ্চিম ত্রিপুরা, বিশেষ করে আগরতলা ও আশপাশের এলাকায় আগামী পাঁচ দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা খুবই কম।
বজ্রবিদ্যুৎ ও ঝড়-বৃষ্টির আশঙ্কায় আগরতলা আবহাওয়া অফিস আগামী ২৪ ঘণ্টার জন্য রাজ্যজুড়ে হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করেছে। এই সময়ে বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া খোলা জায়গায় না থাকার এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে আগামী কয়েক দিন তাপমাত্রাও ঊর্ধ্বমুখী থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি হয়ে ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। একই সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও গুজরাট উপকূলবর্তী সমুদ্র এলাকায় উত্তাল পরিস্থিতি তৈরি হতে পারে। ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই গভীর সমুদ্রে অবস্থানরত ও সমুদ্রে যেতে ইচ্ছুক মৎস্যজীবীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


