নিউজ ডেস্ক || ঐতিহ্যবাহী গড়িয়া পূজা উপলক্ষে উৎসবের আমেজে মেতে উঠেছে পুরো ত্রিপুরা। জাতি-জনজাতি নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে আজ রাজ্যজুড়ে পালিত হচ্ছে এই ধর্মীয় উৎসব।
বৈশাখ মাসের সপ্তমী তিথিতে প্রতি বছর আয়োজিত গড়িয়া পূজা উপজাতি সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব। এবারও প্রায় এক মাসব্যাপী প্রস্তুতির পর রাজ্যের গ্রাম থেকে শহর—সর্বত্র ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পূজা অনুষ্ঠিত হয়েছে। উপজাতি ও জমাতিয়া সম্প্রদায়ের কাছে এর গুরুত্ব অপরিসীম। ধনী-গরিব নির্বিশেষে প্রতিটি উপজাতীয় পরিবারে বাবা গড়িয়ার আরাধনা করা হয়েছে। আদি রীতি অনুসারে অনেক স্থানে বলি প্রথাও পালিত হয়েছে।
রাজধানী আগরতলাসহ উপজাতি অধ্যুষিত এলাকায় ব্যক্তিগত ও সার্বজনীনভাবে পূজার আয়োজন হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, মন্ত্রী রতনলাল নাথ ও প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্যসহ একাধিক রাজনৈতিক নেতা রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের বার্তায় উৎসবের মাধ্যমে সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হোক বলে কামনা করা হয়েছে।
মূলত উপজাতিদের উৎসব হলেও গড়িয়া পূজা এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। রাজ্যের সব সম্প্রদায়ের মানুষ এতে অংশ নিয়ে আনন্দ ভাগ করে নিয়েছেন।
এই উৎসব ত্রিপুরার সাংস্কৃতিক বৈচিত্র্য ও সম্প্রীতির প্রতীক হিসেবে আরও শক্তিশালী হয়ে উঠেছে। এমন মিলনমেলা রাজ্যের সামাজিক ঐক্যকে ভবিষ্যতেও আরও দৃঢ় করবে বলে আশা করা যায়।


