অফিস চলবে সোম থেকে শুক্রবার, সকাল ৯:৩০ থেকে বিকেল ৬টা পর্যন্ত
নিউজ ডেস্ক || রোস্টার ডিউটি প্রথা বাতিল করে সরকারি কর্মচারীদের জন্য শনিবারেও ছুটি ঘোষণা করেছে ত্রিপুরা মন্ত্রিসভা। এখন থেকে সপ্তাহে পাঁচ দিন (সোমবার থেকে শুক্রবার) সরকারি অফিস চলবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৬টা পর্যন্ত।
ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়ের পরামর্শ অনুসরণ করে মন্ত্রিসভা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। কল্যাণী রায় সাংবাদিক সম্মেলনে রোস্টার ডিউটির পরিবর্তে কাজের সময় বাড়িয়ে ছুটির দিন বৃদ্ধির প্রস্তাব দিয়েছিলেন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।
প্রসঙ্গত, জ্বালানি সংকট মোকাবিলায় রাজ্য সরকার গ্রুপ বি ও সি স্তরের কর্মচারীদের জন্য আগে রোস্টার ডিউটি চালু করেছিল। সেই ব্যবস্থা এদিন আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয়েছে।
একই বৈঠকে আরও সিদ্ধান্ত:
– রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে মোট ৮১টি পদে নতুন নিয়োগ হবে।
– তথ্য ও সংস্কৃতি দপ্তরে ৫০টি, পূর্ত দপ্তরে ২৬টি এবং অর্থ দপ্তরে ৫টি পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
তবে শিক্ষাপ্রতিষ্ঠান এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের ছুটির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি সরকার।
সরকারি কর্মচারীদের মধ্যে এই সিদ্ধান্তকে সাধারণভাবে স্বাগত জানানো হচ্ছে।


